নতুন ম্যানেজারের জন্য গাইড — প্রথম মাসেই যা যা ঠিক করে নেবেন
মেসের ম্যানেজার হয়েছেন? দায়িত্ব নেওয়ার প্রথম সপ্তাহে যে নিয়মগুলো ঠিক করে নিলে বাকি মাসটা ঝামেলাহীন কাটবে।
ম্যানেজার হওয়া মানে শুধু বাজার করা নয় — মাস শেষে সবার সামনে হিসাব দাঁড় করানোও আপনার দায়িত্ব। প্রথম সপ্তাহেই কয়েকটা বিষয় পরিষ্কার করে নিলে বাকি মাসটা অনেক সহজ হয়ে যায়।
১. মাসের শুরু আর শেষের তারিখ ঠিক করুন
মাস মানেই ১ তারিখ থেকে ৩০ তারিখ হতে হবে, এমন কোনো কথা নেই। অনেক মেসে বেতন পাওয়ার সময় অনুযায়ী ৫ বা ১০ তারিখে মাস শেষ হয়। যেটাই বেছে নিন, সবাইকে জানিয়ে দিন আর সেটাই ধরে রাখুন। মাঝপথে তারিখ বদলালে হিসাব গুলিয়ে যায়।
২. কোনটা মিল খরচ, কোনটা নয় — লিখে রাখুন
এই তালিকাটা আগেই ঠিক করে নিন:
- মিল খরচ: চাল, ডাল, তেল, সবজি, মাছ, মাংস, মসলা
- অন্যান্য খরচ (মাথাপিছু): বাসা ভাড়া, বিদ্যুৎ, গ্যাস, ওয়াইফাই, বুয়ার বেতন, পানির বিল
গ্যাস বিল নিয়ে অনেক মেসে তর্ক হয়। যুক্তি হলো — যিনি বেশি মিল খান তিনি বেশি গ্যাস খরচ করান। তাই কিছু মেস গ্যাসকে মিল খরচে ধরে। দুটোই ঠিক, শুধু আগে থেকে ঠিক করে নিন কোনটা করবেন।
৩. গেস্ট মিলের নিয়ম করুন
অতিথি এলে সেই মিল কার হিসাবে যাবে? সবচেয়ে পরিষ্কার নিয়ম — যিনি অতিথি এনেছেন, তার মিলের সাথে যোগ হবে। এটা আগে থেকে বলা না থাকলে মাস শেষে অস্বস্তি তৈরি হয়।
৪. জমা নেওয়ার একটা রুটিন করুন
সবচেয়ে বড় সমস্যা হয় যখন ম্যানেজার নিজের পকেট থেকে বাজার করতে থাকেন আর কেউ সময়মতো টাকা দেন না। শুরুতেই একটা নিয়ম করুন — যেমন মাসের প্রথম সপ্তাহে সবাই একটা নির্দিষ্ট অঙ্ক অগ্রিম জমা দেবেন। প্রতিটি জমা এপে তুলে রাখুন, তাহলে কে কত দিয়েছেন তা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না।
৫. প্রতিদিন এন্ট্রি দিন, সপ্তাহ জমিয়ে রাখবেন না
এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস। বাজার করে ফেরার পথেই খরচটা তুলে ফেলুন। এক সপ্তাহ জমিয়ে রাখলে কোন দিন কী কিনেছিলেন তা আর মনে থাকে না, আর তখনই হিসাবে ভুল ঢোকে।
মেস ম্যানেজারে এন্ট্রি দিলে সব সদস্যের কাছে সাথে সাথে নোটিফিকেশন যায়। এতে দুটো লাভ — সবাই জানতে পারেন কী খরচ হলো, আর কোনো ভুল হলে সাথে সাথেই ধরা পড়ে।
৬. মাস শেষে পিডিএফ নামিয়ে রাখুন
মাস বন্ধ করার আগে পুরো হিসাবের পিডিএফ ডাউনলোড করে মেসের গ্রুপে দিয়ে দিন। সবাই নিজের চোখে দেখে নিলে পরে আর কোনো প্রশ্ন ওঠে না। আপনার নিজের জন্যও এটা একটা ব্যাকআপ হয়ে থাকে।
৭. দায়িত্ব ছাড়ার সময় ম্যানেজার বদলে দিন
পরের মাসে অন্য কেউ ম্যানেজার হলে এপ থেকেই ম্যানেজার পরিবর্তন করে দিন। হিসাব, ইতিহাস আর সদস্য তালিকা সবই ঠিক জায়গায় থেকে যাবে — নতুন করে কিছু বানাতে হবে না।
- ম্যানেজার
- গাইড